মালদা, ৬ জুলাই ঃ বাদুড়িয়া এবং বসিরহাটের সাম্প্রতিক সংঘর্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং রাজ্যে ঐক্য এবং সম্প্রীতির দাবিতে বৃহস্পতিবার মালদায় জেলা বামফ্রন্টের ডাকা মিছিল বন্ধ করে দিল পুলিশ। পুলিশের এই সিদ্ধান্তকে ‘তুঘলকি শাসন’ বলে কটাক্ষ করে জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্রের দাবী, রাজ্যে ‘অঘোষিত জরুরী অবস্থা’ চলছে। পাশাপাশি জেলা বামফ্রন্ট চেয়ারম্যান অম্বরবাবু জানিয়ে দেন, ১০ জুলাই রাজ্যে শান্তি ও ঐক্যের দাবীতে ঝাণ্ডা ছাড়া মিছিল হ’বে মালদায়।
পুলিশ অবশ্য জানিয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই আটকানো হয়েছে এদিনের মিছিল।
বাদুরিয়া এবং বসিরহাটের সাম্প্রতিক তীব্র গোষ্ঠী সংঘর্ষের প্রতিবাদে ঐক্য এবং সম্প্রীতির স্লোগান নিয়ে নিয়ে এদিন রাস্তায় নামে জেলা বামফ্রন্ট। মিছিলের সামনে ছিলেন জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র, প্রাক্তন সিপিএম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআই সম্পাদক তরুণ দাস, আরএসপি’র জেলা সম্পাদক গৌতম গুপ্ত সহ অন্যান্য বাম নেতারা। বিকাল ৫টা নাগাদ মিছিল শুরুর আগেই ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী পৌঁছে যান নেতাজী মোড় এলাকায়। বাম নেতাদের তারা জানিয়ে দেন মিছিল করা যাবে না। বিস্মিত বাম নেতারা বারবার অনুরোধ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ। জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনেই এদিনের মিছিল বাতিল করতে হবে।
শেষ পর্যন্ত বাম নেতাদের অনুরোধ মেনে নেতাজী মোড় থেকে মাত্র কয়েক’শ মিটার দূরে ফোয়াড়া মোড় অবধি মিছিল নিয়ে যাওয়ার অনুমতি পান বাম নেতারা। কিন্তু ফোয়াড়া মোড়েই না থেমে তারা ফের এগোতে গেলে ছুটে যান পুলিশ কর্মীরা। বাধার মুখে ফোয়াড়া মোড়েই মিছিল শেষ করে একটি সংক্ষিপ্ত পথসভা করে কর্মসূচী শেষ করেন বাম নেতা কর্মীরা।
পরে অম্বর মিত্র বলেন, একদিকে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ থামাতে ব্যর্থ রাজ্য সরকার। অন্যদিকে ঐক্য এবং সম্প্রীতির দাবিতে মিছিল আটকানো হচ্ছে। এতেই তৃণমুলের উদ্দেশ্য পরিষ্কার। রাজ্যে অঘোষিত জরুরী অবস্থা চলছে। জেলা সিপিএম সম্পাদক আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাটির বাগবিতণ্ডায় আরও উৎসাহিত হচ্ছে বিভেদকামী শক্তিগুলি। আগামী ১০ জুলাই দলমত নির্বিশেষে মালদায় শান্তি-সম্প্রীতির পক্ষে একটি মিছিলের ডাক দিয়েছে বামেরা। কংগ্রেস সহ অন্যান্য বামদলগুলিকে সেখানে ডাকা হলেও আমন্ত্রণ জানানো হয়নি তৃণমূল এবং বিজেপি’কে। তবে অম্বর মিত্র বলেন, পতাকা ছেড়ে ওনারা মিছিলের দাবী মেনে যোগদান করতে চাইলে স্বাগত।
মালদা